
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুল কাদের ফকির (৭২) – কে গ্রেপ্তার করেছে বগুড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
মঙ্গলবার (১১ মে ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার নরেন্দ্র বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধুনট থানা পুলিশ ও র্যাব-১২-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত আব্দুল কাদের ফকির ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের যুগীগাঁতী গ্রামের মৃত অবিয়া ফকিরের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শ্যামবাড়ী গ্রামের বাসিন্দা সিদ্দিক হোসেনের ১২ বছর বয়সী মেয়ে স্থানীয় পাঁচথুপী নশরতপুর ৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। অভিযোগ অনুযায়ী, আব্দুল কাদের ফকির মাঝে মাঝে ওই পরিবারের বাড়িতে এসে বসতবাড়ি দেখাশোনার কাজ করতেন।
গত ৩ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কথা বলে পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিশুটি কান্নারত অবস্থায় বাড়ি ফিরে এসে তার মাকে ঘটনার বিস্তারিত জানায়।
এরপর পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয়দের অবহিত করেন এবং পরে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, র্যাব-১২-এর সহযোগিতায় আসামিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও