
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলা এলাকায় বিএনপি নেতার দায়ের করা গাড়ি ভাঙচুর ও হামলার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হাই খোকন (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (০৯ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে আশুলিয়া বাইপাস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ধুনট থানা পুলিশ তাকে বগুড়ায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আব্দুল হাই খোকন উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত হবিবর রহমান মাস্টারের ছেলে। তিনি ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
মামলা সূত্রে জানা যায়, খোকনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট থানায় মামলা করেন।
পুলিশ জানায়, একটি মামলায় আদালত থেকে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে আব্দুল হাই খোকনকে আটক করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, “বিএনপি নেতার দায়ের করা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
এদিকে খোকনের গ্রেপ্তারের ঘটনায় ধুনটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মামলার বিষয়েও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার