হোম » সারাদেশ » কালবৈশাখীর ঝড়ে তজুমদ্দিনে প্রাথমিক বিদ্যালয়ের ঘর লন্ডভন্ড

কালবৈশাখীর ঝড়ে তজুমদ্দিনে প্রাথমিক বিদ্যালয়ের ঘর লন্ডভন্ড

মেহেদী হাসান মামুন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বয়ে যাওয়া তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে বিদ্যালয়ের টিনের ছাউনি উড়ে যায়। এতে বিদ্যালয়টির শ্রেণিকক্ষ কার্যক্রম আপাতত বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিচ্ছিন্ন চর জহিরউদ্দিন এলাকার ৬৩ নম্বর মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ের সময় স্কুল ভবনের পুরো চাল উপড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। এতে বিদ্যালয়ের আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, হঠাৎ আকাশ অন্ধকার হয়ে কালবৈশাখী ঝড় শুরু হলে দ্রুত ছুটি ঘোষণা করা হয়। ফলে কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে শ্রেণিকক্ষের ভেতরের বেঞ্চ, টেবিলসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দ্রুত মেরামতের ব্যবস্থা না নিলে শিক্ষাকার্যক্রম চালানো সম্ভব হবে না। এ অবস্থায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজ আলম জানান, ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের ছবি সংযুক্ত করে জরুরি বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত স্কুল ভবন মেরামত করে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!