
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের দিঘলকান্দী গ্রামে বাড়ির পাশ থেকে অপরিকল্পিতভাবে মাটি খননকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। মাটি কাটায় বাধা দিলে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দিঘলকান্দী গ্রামের মৃত মাহফুজার প্রামাণিকের পুত্র শাহ আলম (৪৩)-এর ভিটাবাড়ির পূর্ব পাশে প্রতিবেশী মৃত আসমত উল্লাহর পুত্র আব্দুল জলিল (৬৫), তার পুত্র আনোয়ার হোসেন নাজিম (৪০) এবং মৃত মোখলেছুর রহমানের পুত্র মজনু মিয়ার জমি রয়েছে। গত ৬-৭ দিন ধরে তারা নিজেদের জমিতে অপরিকল্পিতভাবে মাটি খনন করে আসছেন, যা শাহ আলমের বসতবাড়ির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
ভুক্তভোগীর দাবি, এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে তার বাড়ি যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারে। তিনি মাটি কাটায় বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন।
গত ১২ এপ্রিল ২০২৬, দুপুর আনুমানিক ১টার দিকে শাহ আলম পুনরায় বাড়ির সীমানার পাশ থেকে মাটি কাটতে নিষেধ করলে অভিযুক্তরা জোরপূর্বক খনন কার্যক্রম চালিয়ে যান। এ সময় তারা তাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানোর ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে শাহ আলম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভয়ে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না বলে জানিয়েছেন। পরিস্থিতি দ্রুত অবনতি হলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, বসতবাড়ির পার্শ্ববর্তী এলাকায় এ ধরনের অপরিকল্পিত মাটি খনন শুধু ব্যক্তিগত ক্ষতির কারণই নয়, বরং পরিবেশ ও জননিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন বলে তারা মনে করছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক