
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকরণে প্রাকৃতিক ভেষজ নির্যাস ও রঙের মূল্যায়ন বিষয়ক এক কর্মশালা বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) শহরের পার্ক রোডে অবস্থিত হোটেল উড বার্নের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বাম্মা)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওষুধ প্রশাসন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সুকর্ণ আহমেদ।
বাম্মা কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুর রব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওষুধ প্রশাসন বগুড়া জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক জেসমিন বেগম, বাম্মার সহ-সভাপতি ডা. কবিরাজ নরেশ মধু, ফজলুর রহমান, আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক একরামুল হক খান এবং রাজশাহী বিভাগীয় প্রধান মোজাফফর হোসেনসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, অতীতে হাকিমরা বিভিন্ন প্রাকৃতিক ভেষজ উপাদান থেকে রঙ তৈরি করে তা ওষুধ ও খাদ্যে ব্যবহার করতেন, যা মানবদেহের জন্য নিরাপদ এবং উপকারী ছিল। সে সময় রোগব্যাধির প্রকোপও তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু সময়ের সাথে সাথে কৃত্রিম রাসায়নিকের ওপর নির্ভরশীলতা বাড়ায় বর্তমানে খাদ্য ও ওষুধে ব্যবহৃত রাসায়নিক রঙ মানুষের জন্য নানা জটিল রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, দেশের কিছু অসাধু ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অতিরিক্ত মুনাফার আশায় মানসম্মত ওষুধ উৎপাদন করছে না। এর ফলে চিকিৎসকদের সঠিক রোগ নির্ণয়ে সমস্যা হচ্ছে এবং সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি বিভিন্ন জটিল রোগে ভুগছে।
তারা এ অবস্থা থেকে উত্তরণের জন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে মানসম্মত ওষুধ উৎপাদনের আহ্বান জানান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ