
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আকস্মিক আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আগুন নেভানোর সময় সিএনজি থেকে ১০ পোটলা প্রায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা প্রায় ১১টার দিকে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সিএনজিটির ইঞ্জিনের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ৯টি বান্ডেল ও একটি ছেঁড়া বান্ডেলসহ মোট ১০টি পোটলা দেখতে পান। পরে নিশ্চিত হওয়া যায়, এগুলো গাঁজা।
এ তথ্য নিশ্চিত করে ভৈরব থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি জব্দ করে এবং আনুমানিক ১৯ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি আরও জানান, গাঁজা উদ্ধার হওয়ার পর সিএনজি চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিএনজিটি কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২