
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজারে ময়লা-আবর্জনার স্তূপ ও অপরিকল্পিত ড্রেন ব্যবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা থেকে ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ, যা পুরো বাজারজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে।
বিশেষ করে মুরগির চান্দি ও মাছের চান্দি এলাকায় দুর্গন্ধের মাত্রা অত্যন্ত বেশি। এ অবস্থায় বাজারে অবস্থান করা যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি স্বাভাবিকভাবে কেনাবেচাও ব্যাহত হচ্ছে। ক্রেতারা দ্রুত বাজার ত্যাগ করতে বাধ্য হচ্ছেন, আর বিক্রেতারা স্বাস্থ্যঝুঁকি নিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে আরও দেখা যায়, বাজারের ভেতরে থাকা ড্রেনটি মাটির স্তর থেকে অনেক উঁচু করে নির্মাণ করা হয়েছে। ফলে চান্দির ভেতরে জমে থাকা নোংরা পানি স্বাভাবিকভাবে ড্রেনে প্রবাহিত হতে পারছে না। এতে করে বাজারের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ এবং দীর্ঘদিন ধরে জমে থাকা এসব পানিতে মশার বংশবিস্তার ঘটছে, যা ইতোমধ্যে মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এতে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই দুর্গন্ধযুক্ত পানির মধ্যেই বসে মুরগির চান্দিতে মুরগি বিক্রি করছেন ব্যবসায়ীরা এবং মাছের চান্দিতে জেলেরা মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে একদিকে যেমন জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে, অন্যদিকে খাদ্য নিরাপত্তাও হুমকির সম্মুখীন হচ্ছে।
স্থানীয় ক্রেতা-বিক্রেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ময়লা অপসারণ ও ড্রেন ব্যবস্থাপনার কোনো কার্যকর উদ্যোগ না থাকায় সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। তারা জানান, কাঁচা বাজার থেকে মধুমতি নদী পর্যন্ত একটি ড্রেন থাকলেও তা অযত্ন ও অপরিকল্পিত নির্মাণের কারণে কার্যকর হচ্ছে না। ড্রেনটির উচ্চতা সমন্বয় করে সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি সহজেই অপসারণ করা সম্ভব।
এ অবস্থায় দ্রুত ময়লার স্তূপ অপসারণ, ড্রেন সংস্কার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং একটি স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ ক্রেতা ও বিক্রেতারা

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার