
রবিউল হাসান লায়ন: জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে থানা পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ হাইস্কুল মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
ভুক্তভোগী নেতারা জানান, গত ১০ এপ্রিল রাতে সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তি এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এবং তার সমর্থকরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের ৮ দিন পার হলেও এখনো মামলা গ্রহণ করেনি পুলিশ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলী এবং নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন।
এ সময় নেতৃবৃন্দ অভিযুক্ত মাহমুদুল আলম বাবুকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিষয়টি সমাধানের জন্য বিএনপির স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল