
ইলিয়াছ শাহেদ, গোয়ালন্দ, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন উজানচর ইউনিয়ন ভূমি অফিসে দুঃসাহসিক চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। জানালার গ্রিল কেটে অফিসে প্রবেশ করে রেকর্ডরুমসহ বিভিন্ন কক্ষ তছনছ করা হয়েছে। ঘটনাটি স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রোববার (১২ এপ্রিল) সকাল ৬টার মধ্যে, অফিস বন্ধ থাকার সুযোগে এ ঘটনা ঘটে। গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ সংলগ্ন উজানচর ইউনিয়ন ভূমি অফিসের পেছনের দুটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা।
সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আনছার আলী জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিয়ম অনুযায়ী অফিস বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা চলে যান। রোববার সকাল ৯টার দিকে অফিসের পিয়ন প্রধান ফটকের তালা খুলে ভেতরে প্রবেশ করতে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে বিষয়টি কর্মকর্তাদের জানানো হলে তারা এসে দেখতে পান—পেছনের জানালার গ্রিল কাটা, আলমারি ও কেবিনেট ভাঙা এবং ফাইলপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
তিনি আরও জানান, রেকর্ডরুমের বড় তালাসহ মোট ১৪টি তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। লকার ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করা হয়েছে। অফিসে থাকা প্রায় ১৬০টি নথিপত্র বই বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। সব নথি পরীক্ষা শেষে গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র খোয়া গেছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, “অফিসের কোনো কম্পিউটার বা ল্যাপটপ চুরি যায়নি। গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোর প্রতিটি পাতা খতিয়ে দেখা হচ্ছে। সব কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানানো হবে।”
এদিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কর্তৃপক্ষ যাচাই শেষে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল