হোম » সারাদেশ » সাতকানিয়ায় প্রকাশ্যে মাছে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল: প্রশাসনের তদারকিহীনতায় জনস্বাস্থ্য চরম হুমকিতে

সাতকানিয়ায় প্রকাশ্যে মাছে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল: প্রশাসনের তদারকিহীনতায় জনস্বাস্থ্য চরম হুমকিতে

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি:  প্রকাশ্যে প্লাস্টিকের ড্রামে রাখা মাছে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল ও ক্ষতিকর রং। বাধা দিতে গেলে উল্টো দেওয়া হচ্ছে মানুষের প্রাণনাশের হুমকি! চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতী ব্রীজ সংলগ্ন বাজারে এক অসাধু মাছ বিক্রেতার এমন ভয়ংকর কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দৃশ্যমান কোনো তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা এভাবেই জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার সাহস পাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
রবিবার (৫ এপ্রিল) মোঃ আলমগীর তালুকদার নামের একজন ফেসবুক ব্যবহারকারী তার আইডিতে এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন— “বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে মাছ বিক্রি করতেছে দক্ষিণ চরতী ব্রীজের পাশের বাজারে। এলাকার সচেতন এলাকাবাসী, সর্দার এবং বাজার পরিচালনা কমিটির সদস্যদের বিষয়টি তদন্ত সাপেক্ষে বিক্রেতার শাস্তির আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।” ভাইরাল হওয়া ওই ভিডিওর মন্তব্যের ঘরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। মোহাম্মদ কাইছার নামের এক ব্যক্তি অভিযুক্তের বিস্তারিত পরিচয় তুলে ধরে জানান, অভিযুক্ত ওই ব্যক্তির নাম আব্দুল হালেক। তার মূল বাড়ি বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে। ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও স্ত্রীর দায়ের করা মামলার কারণে সে দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছাড়া। বর্তমানে সে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করে এবং নিয়মিত জুটপুকুরিয়া বাজারে মাছ বিক্রি করে। জনস্বার্থে তাকে দেখামাত্রই পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
ওয়াহিদ চৌধুরী নামের আরেকজন ক্ষোভ প্রকাশ করে লেখেন, “প্রকাশ্যে কেমিক্যাল মিশাচ্ছে, আবার হুমকির স্বরে বলতেছে মানুষ মারা যাক। আগামী বাজার থেকে তার মাছ বিক্রি বন্ধ।” স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন হাটবাজারে নিয়মিত প্রশাসনের কোনো নজরদারি বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান নেই। স্যানিটারি ইন্সপেক্টর বা মৎস্য কর্মকর্তাদের নীরবতার সুযোগ নিয়েই আব্দুল হালেকের মতো ব্যবসায়ীরা প্রকাশ্যে বিষাক্ত উপাদান মেশানোর দুঃসাহস দেখাচ্ছে। সামান্য লাভের আশায় যারা মানুষের জীবনকে হুমকির মুখে ফেলছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই নির্লিপ্ততা অত্যন্ত হতাশাজনক।
সচেতন এলাকাবাসীর দাবি, অবিলম্বে সাতকানিয়া উপজেলা প্রশাসন এবং বাজার পরিচালনা কমিটিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। জনস্বার্থে অভিযুক্ত আব্দুল হালেককে দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হালেকের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি আরও প্রকট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!