
ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় কুচিয়ামোড়া ১ নং পান হাটের ইজারায় সর্বোচ্চ করদাতা মো: মিনারুল ইসলামকে বঞ্চিত করতে অপচেষ্টা চালাচ্ছে একটি চক্র বলে নিজেই সাংবাদিকদের অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন, অদৃশ্য শক্তির অপচেষ্টায় পানহাটের সর্বোচ্চ দর ডেকেও ভীতির মধ্যে রেখেছে একটি চক্র। এদিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, আইন অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকেই কুচিয়ামোড়া ১নং পান হাট দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ৮ই মার্চ নতুন বছরের ইজারার জন্য কুচিয়ামোড়া পানহাটের দরপত্র আহবান করা হয়েছিল। এতে ১৬ই মার্চ তিনজন দরপত্র দাখিল করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে মো: মিনারুল ইসলামের নাম উঠে আসে। সেখানে সর্বোচ্চ দর হিসাবে বিবেচিত হয় ভ্যাট ট্যাক্স সহ ৭০ লক্ষ ২০ হাজার টাকা। যার মধ্যে ভ্যাট, ট্যাক্স ১৬ লক্ষ ২০ হাজার টাকা। মুল ইজারা মূল্য ৫৪ লক্ষ টাকা, যার শতভাগ পরিশোধ করা হয়েছে। অপরদিকে দ্বিতীয় ইজারামূল্য উঠেছে ৪৬ লক্ষ টাকা। ভ্যাট ট্যাক্স সহ ৫৯ লক্ষ টাকা। যা প্রথম দরদাতার চেয়ে ১১ লক্ষ ২০ হাজার টাকা কম। সরকারি এবং প্রশাসনিক নিয়মে প্রথম দরদাতাই পান হাট পাবেন। উপজেলা প্রশাসন থেকেও গত ৩০শে মার্চ উপজেলা টেন্ডার কমিটির সিদ্ধান্তও বেশি দরদাতার পক্ষেই গিয়েছে। সেখানে পানহাটের ইজারা মূল্য যারা শতভাগ দিয়েছেন, তাদের মধ্যে যারা সর্বোচ্চ দরদাতা তাদেরকে হাট দেয়া হবে বলে জানা যায়।
কুচিয়ামোড়া ১নং পানহাট পাওয়া নিয়ে মো: মিনারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ১৪৩৩ বঙ্গাব্দের জন্য কুচিয়ামোড়া ১নং পানহাটের ইজারার জন্য তিনিই সর্বোচ্চ দরদাতা। সরকারি হিসাবে হাট পেতে আর কোন বাধা নেই। কিন্তু অদৃশ্য একটি শক্তি বৈধ হাটের ব্যাপারেও ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারা করছে। যেটা কোনভাবেই কাম্য নয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, কুচিয়ামোড়া ১ নং পানহাটের দরপত্রের মূল্য যারা শতভাগ দিয়েছে, তাদের মধ্যে যারা সর্বোচ্চ দরদাতা তাদেরকেই হাট দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমি আইন মেনেই কাজ করেছি। এজন্যে অনেকেই হয়তো দু’কথা বলবে, রাগ করবে কিন্তু আইনগতভাবে আমি লিগ্যাল আছি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা