
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলায় জমি ও সেচ পাম্প সংক্রান্ত ৫ লাখ টাকার বিরোধের জেরে আব্দুল লতিফ (৬৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত গৌরব সিংহ (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৯ মার্চ সকালে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা গ্রামের একটি ধানক্ষেত থেকে লতিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
পরিবার সূত্রে জানা যায়, লতিফ আগের রাতের খাবার শেষে নিজস্ব স্যালো মেশিন ঘরে ঘুমাতে যান। পরে রাতে কোনো এক সময় তাকে হত্যা করা হয়। তদন্তে জানা যায়, সেচ পাম্পের জমি নিয়ে লতিফের সঙ্গে গৌরব সিংহের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় পাঁচ বছর আগে ৫ লাখ টাকায় জমি বিক্রি করা হলেও দলিল না হওয়ায় দুই মাস আগে টাকা ফেরত দেওয়া হয় এবং পাম্প সরিয়ে নিতে বলা হয়। কিন্তু লতিফ পাম্প না সরানোয় ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া পূর্বের মারধরের ঘটনাও এ বিরোধকে আরও জটিল করে তোলে।
পুলিশ জানায়, গৌরব সিংহ লতিফকে হত্যার হুমকিও দিয়েছিল এবং এ সংক্রান্ত অডিও রেকর্ড রয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি OPPO মোবাইল ফোন ও রূপালী ব্যাংকের একটি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়, যা অভিযুক্তের বলে নিশ্চিত হয়। কললিস্ট বিশ্লেষণে দেখা যায়, ঘটনার রাতে সে জামালপুর থেকে গাবতলীতে আসে এবং পরে আবার ফিরে যায়। গত রোববার (৩০ মার্চ) বিকেলে জামালপুর জেলার মেলান্দহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় গাবতলী মডেল থানায় হত্যা মামলা (ধারা ৩০২/৩৪) দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল