হোম » সারাদেশ » দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের সুরক্ষায় উদ্যোগ: নিপীড়ন চক্র ভাঙতে কর্মশালা অনুষ্ঠিত

দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের সুরক্ষায় উদ্যোগ: নিপীড়ন চক্র ভাঙতে কর্মশালা অনুষ্ঠিত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং দীর্ঘদিনের নিপীড়ন চক্র ভাঙতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সোমবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে মুক্তি মহিলা সমিতির আয়োজনে এবং দ্য ডে হোপস (ডিএইচডি) প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মাজিনা বেগম।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নিজাম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সিপিসিপি কমিটির উপদেষ্টা নিলুফা কুমার চক্রবর্তী, সদস্য আবেদ আলী মান্নান, সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা।
বক্তারা বলেন, দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত শিশুদের একটি বড় অংশ নানাভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে যৌন নিপীড়ন, অবহেলা ও সামাজিক বৈষম্যের কারণে তাদের স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হচ্ছে। গবেষণায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে এসব শিশু জন্মের পর থেকেই একই চক্রে আটকে পড়ছে, যা তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।
তারা আরও বলেন, শুধু সচেতনতা নয়—সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত পদক্ষেপ জরুরি।
কর্মশালায় অংশগ্রহণকারীরা দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের সুরক্ষায় ঝুঁকিগুলো চিহ্নিত করে তা মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!