
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় মারামারির ঘটনায় আহত মতিয়ার রহমান (৬৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামে জমি ও টাকার লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় পাঁচ বছর আগে অভিযুক্ত বেলাল (৫৫) ভিকটিমের ভাতিজী মোমেনা খাতুনের কাছ থেকে ৭৫ হাজার টাকা ধার নেন এবং এর বিনিময়ে জমি দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তীতে তিনি তা পরিশোধ না করে টালবাহানা করতে থাকেন।
গত ২১ মার্চ রাতে টাকা চাওয়াকে কেন্দ্র করে মোমেনা খাতুনের সঙ্গে বেলালের বাকবিতণ্ডা হয়। বিষয়টি মতিয়ার রহমান মীমাংসা করেন। তবে এর জের ধরে ২২ মার্চ সকালে টুকু মাতবরের বাড়ির সামনে মতিয়ার রহমানের পথরোধ করে অভিযুক্তরা তাকে মারধর করে গুরুতর আহত করে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে এবং ঘুষি মেরে তাকে রক্তাক্ত জখম করে। এতে তার একটি পা ভেঙে যায় এবং সামনের তিনটি দাঁত ভেঙে পড়ে। এছাড়া তার সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ২৮ মার্চ বগুড়ায় নেওয়ার পথে সুঘাট বাজারে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে শফিকুল ইসলাম ২৮ মার্চ রাতে শেরপুর থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা (নং-২৯) দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা