হোম » সারাদেশ » উপনির্বাচন ঘিরে শেরপুরে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

উপনির্বাচন ঘিরে শেরপুরে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর জেলা প্রতিনিধি: আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিতকৃত নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্ট কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

সভায় উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, এনএসআই-এর উপ-পরিচালক মাহমুদ ইফতেখারুল হক, শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন জাহিদ আল ইমরান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীদের প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, আগামী ৯ এপ্রিলের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যেহেতু এদিন শেরপুর জেলায় একমাত্র এই আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্ট বাহিনী মাঠে সক্রিয় থাকবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ৪ ফেব্রুয়ারি এই আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছিল। এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান এবং বাসদ (মার্কসবাদী) দলের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেরপুর-৩ আসনের অন্তর্ভুক্ত দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১২৮টি ভোটকেন্দ্রে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!