
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৩নং ও ৪নং ওয়ার্ডের হরিণধরা রাস্তার মধ্যেকার অবস্থিত নব্বই রশি খালটি বর্তমানে চরম দূষণের কবলে পড়েছে। একসময় গ্রামবাসীর পানির প্রধান উৎস হিসেবে ব্যবহৃত এই খালটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, খালটির পানি ব্যবহার করে প্রতিদিন গরু ও ছাগল জবাইয়ের পর রক্ত, ময়লা ও বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। এতে করে খালের পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের চর্মরোগসহ পানিবাহিত রোগের ঝুঁকি।
এলাকাবাসীর অভিযোগ, সরকারিভাবে পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান থাকলেও সংশ্লিষ্টরা তা উপেক্ষা করে খালের পাশেই জবাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বারবার নিষেধ করার পরও তারা এ কার্যক্রম বন্ধ করছে না।
অভিযোগ রয়েছে, সরকারি জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করে সেখানে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা খালটি দূষণমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নির্ধারিত স্থানে জবাই কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সচেতন মহল মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন