
এনামুল হক, বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে নানান কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেন। কাউখালীতে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন, রাজনৈতিক নেতা অন্যান্য সকলের উপস্থিতিতে কাউখালী থানা পুলিশের একটি চৌকস দল ৩১বার তোপধ্বনীর মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করেন।
উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে সকাল ৬টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান এর নেতৃত্বে সরকারি কর্মকর্তা বৃন্দ, উপজেলা বিএনপি’র সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে বিএনপি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পুষ্প মাল্য অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে সকল সরকারি, আধা সরকারী, শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৮ :৩০ মিনিটে কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের সময় রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হুসাইন। পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান । অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার ও এস এম দুলালের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল