হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু রোগের বিস্তার রোধে মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে পৌর এলাকার শ্রীরামপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত নূর মৌসুমী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদ ও পৌর প্রকৌশলী জাকারিয়া আলম প্রমুখ।
​মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত নূর মৌসুমী বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থেকে জনগণকে রক্ষায় আলফাডাঙ্গা পৌরসভায় এই বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ফগার মেশিন ও স্প্রে মেশিনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে। বর্তমানে পৌর কর্তৃপক্ষের কাছে চাহিদানুযায়ী পর্যাপ্ত মশক নিধনের ওষুধ মজুদ রয়েছে। ধারাবাহিকভাবে উপজেলা কম্পাউন্ড থেকে শুরু করে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই অভিযান অব্যাহত থাকবে।
​তিনি আরও জানান, মশার প্রজননস্থল ধ্বংস করতে লার্ভিসাইড ছিটানোর পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হবে। তবে সরকারের এই উদ্যোগ তখনই শতভাগ সফল হবে, যখন সাধারণ মানুষ সচেতন হবেন। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে এবং পানি জমতে না দিতে তিনি পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও ব্যক্তিগত সচেতনতা কামনা করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!