
ইলিয়াছ শাহেদ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ফিলিং স্টেশনে তেল নিতে এসে বেপরোয়া ট্রাকের চাপায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টা ৯ মিনিটের দিকে গোয়ালন্দ মোড়ের সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই স্বাভাবিক পরিবেশ রূপ নেয় বিভীষিকায়।
নিহতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া এলাকার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।
মুহূর্তেই সব শেষ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নিতে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এসে ট্রাক থেকে নেমে ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন। একই সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়া তার ট্রাকটি সিরিয়ালে রেখে পাম্পের সামনে অপেক্ষা করছিলেন।
এ সময় একটি মাহেন্দ্র গাড়ি তেল নিচ্ছিল। হঠাৎ একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফিলিং স্টেশনে ঢুকে মাহেন্দ্র গাড়িটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়া ট্রাকচাপায় গুরুতর আহত হন।
হাসপাতালে নেওয়ার পর মৃত্যু দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ট্রাক আটক, চালক পলাতক রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতদের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের ক্ষোভ স্থানীয়দের অভিযোগ, গোয়ালন্দ মোড় এলাকার ফিলিং স্টেশনগুলোতে ভারী যানবাহনের বেপরোয়া গতি ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত