হোম » সারাদেশ » কম খরচে সরিষা কাটছে রিপার, হাসছে কৃষক

কম খরচে সরিষা কাটছে রিপার, হাসছে কৃষক

মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল
কাঠের লাঙল আর জোয়ালের জায়গা দখল করেছে ট্রাক্টর ও পাওয়ার টিলার। আগে যেখানে লাঙল দিয়ে জমি চাষ করতে অনেক সময় লাগতো, এখন ট্রাক্টর বা পাওয়ার টিলারের মাধ্যমে স্বল্প সময়েই বড় জমি চাষ করা সম্ভব হচ্ছে। ঠিক তেমনি ফসল কাটার ক্ষেত্রেও এখন শ্রমিকের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে আধুনিক যন্ত্র রিপার। এতে একদিকে যেমন কম সময়ে অধিক ফসল ঘরে তোলা যাচ্ছে, অন্যদিকে বিঘা প্রতি উৎপাদন খরচও উল্লেখযোগ্যভাবে কমছে।
চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭ হাজার ১২৫ হেক্টরের বেশি জমিতে সরিষার চাষ হয়েছে। কৃষি দপ্তরের মতে, এত বেশি পরিমাণ জমিতে অতীতে কখনো সরিষার আবাদ হয়নি। আর এসব জমির অনেকেই  সরিষা কাটতে ব্যবহার করছেন রিপার নামের আধুনিক ফসল কাটার যন্ত্র। ফলে কৃষকদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে।
নন্দুয়ার ইউনিয়নের এক কৃষক জানান, আগে এক বিঘা জমির সরিষা কাটতে প্রায় ১৫’শত টাকা খরচ হতো। এখন রিপার যন্ত্র দিয়ে কাটলে বিঘা প্রতি খরচ হচ্ছে  ৫০০ টাকা। এতে প্রতি বিঘায় প্রায় ১ হাজার টাকা সাশ্রয় হচ্ছে। কৃষকদের ভাষায়, এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলন ভালো হয়েছে, অন্যদিকে বাজার দরও ভালো।এমনকি ফসল কাটতেও খরচ হচ্ছে কম—এ যেন ‘তেলা মাথায় তেল’ দেওয়ার মতো বিষয়।
কৃষকরা আরও জানান, কৃষি অফিসের পরামর্শ ও অনুকূল আবহাওয়ার কারণে কোনো কোনো জায়গায় বিঘা প্রতি প্রায় ৯ মণ পর্যন্ত সরিষার ফলন হয়েছে। বাজারেও প্রতি মণ সরিষা ২ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে কৃষকরা ভালো লাভের আশা করছেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৫–২০২৬ অর্থবছর পর্যন্ত বরাদ্দ পাওয়া ৩৭টি রিপার যন্ত্র বিভিন্ন কৃষক গ্রুপের মাঝে বিতরণ করা হয়েছে। এসব যন্ত্র দিয়েই চলতি মৌসুমে সরিষার ফসল কাটা হচ্ছে। এতে দ্রুত ফসল সংগ্রহের পাশাপাশি কৃষকরা একই জমিতে অল্প সময়ের মধ্যেই নতুন ফসল আবাদ করতে পারছেন।
রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, “এবার কৃষকদের সরিষার ফলন ভালো হয়েছে, যা সত্যিই আনন্দের বিষয়। বাজার দরও সন্তোষজনক। রিপার যন্ত্র ব্যবহারের ফলে শ্রমিকের ঘাটতি পূরণ হচ্ছে এবং কৃষকদের উৎপাদন খরচ কমছে। কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে আছে এবং থাকবে। আমরা আশা করি, এভাবেই এগিয়ে যাবে রাণীশংকৈলের কৃষি।”
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!