
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হলো ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান।
আট দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের বুধবার (১১ মার্চ) লীলা কীর্তনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে কালীবাড়ি প্রাঙ্গণে দূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও কীর্তন দল অংশগ্রহণ করেন। সাত দিনব্যাপী নামসংকীর্তনের মধ্য দিয়ে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত লীলা কীর্তনে ভক্তরা গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে অংশগ্রহণ করেন। কীর্তনের সুর ও ঢোল-করতালের তালে তালে ভক্তদের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে এক অনন্য ধর্মীয় আবহে রূপ দেয়।
লীলা কীর্তন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৫ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু।
এছাড়াও উক্ত লীলা কীর্তন পর্বে নাগরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ির উৎসব পরিচালনা কমিটির সম্পাদক শ্রী রামেন্দ্র সুন্দর বোস বলেন, সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যেই দীর্ঘ ৬৪ বছর যাবত নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে মহানাম যজ্ঞের আয়োজন করা হয়। এই আয়োজন ভক্তদের মাঝে ধর্মীয় চেতনা জাগ্রত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পাশাপাশি অনুষ্ঠানের আয়োজক কমিটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান