
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে পৃথক দুই স্থানে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন।
জানা গেছে, আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় রাশিদুল আকনের মুদিমনোহরী, আল আমিন ফার্মেসি ও স্বপন দাশের সেলুনে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তিনটি দোকান পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
অপরদিকে, হলদিয়া ইউনিয়নের জুলেখার স্লুইজ সংলগ্ন এলাকায় লতিফ হাওলাদারের মুদিমনোহরী ও কীটনাশকের দোকানেও একই রাতে আগুন দেয়া হয়। দোকানটিতে বিদ্যুতের সংযোগ ছিল না বলে জানান তিনি। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন লতিফ হাওলাদার।
ক্ষতিগ্রস্ত রাশিদুল আকনের অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে। তবে অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা নাশির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি।ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার