
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে সদর ও বেলকুচি-চৌহালী উপজেলায় ভোটারদের হুমকি, ধামকি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরের অভিযোগে দুই নেতার দলীয় পদ স্থগিত এবং চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক পাঁচটি চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
পদ স্থগিতাদেশ পাওয়া নেতারা হলেন- বেলকুচি পৌর জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল ও বেলকুচি পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মন্ডল।
এছাড়াও সিরাজগঞ্জ শহরে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধে বিএনপির তিন নেতাকে শোকজ করা হয়েছে।
ওই চিঠি দুটিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের দলীয় সব পদ থেকে স্থগিতাদেশ প্রদান করা হলো।
অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধে বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তারা হলেন শহরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল ও শহরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক উপদেষ্টা আরজু আহমেদ।
তিনটি চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধের পরিপ্রেক্ষিতে আপনাদের বিরুদ্ধে কেন সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশনা প্রদান করা হলো।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্তগুলো অনুমোদন করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ