হোম » সারাদেশ » বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রস্তাবকৃত কোটার প্রতিবাদে জামালপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রস্তাবকৃত কোটার প্রতিবাদে জামালপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

রবিউল হাসান লায়ন: ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের তীব্র প্রতিবাদ ও সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে জামালপুরে মানববন্ধন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর প্রকৌশলীরা।

রবিবার সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ (আইডিইবি) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স জামালপুর জেলা শাখার সভাপতি মো. আ: সাত্তার,  সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ কারিগরি ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের প্রকৌশলী সৈয়দ আব্দুল মান্নান, সদস্য সচিব প্রকৌশলী নূর মোহাম্মদ সাদী প্রমুখ।

বক্তারা বলেন,  এদেশের ৮ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ৫ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা

ডিগ্রিধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত কমিটির গত ২৭জানুয়ারির সভায় সরকারের ১৯৭৮ সালের প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেডভুক্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য শতভাগ সংরক্ষিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদে ৩৩% বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এসময় এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য সিদ্ধান্ত বলে উল্লেখ করে তারা বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এদেশের ৮ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ৫ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর অনিশ্চিত ভবিষ্যৎ তৈরী হবে।

এসময় বিগত ৩১ জুলাই, ১৯৭৮ ও ১৯ নভেম্বর, ১৯৯৪ সালের সরকারি প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখার দাবি জানান তারা।  অন্যথায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীগণ দেশব্যাপী রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলার হুশিয়ারী প্রদান করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!