
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষা শেষে নিজ পৈতৃক জেলা বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে তাঁর নির্বাচনী জনসভা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম সরাসরি প্রার্থী হিসেবে বগুড়া-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিএনপির প্রার্থী। তাঁর আগমনকে কেন্দ্র করে বগুড়া জেলাজুড়ে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে জনসভার নির্ধারিত স্থান আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মাঠের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, “বগুড়ার মানুষ তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত। জনসভাকে সফল করতে সাংগঠনিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশা করছি এটি জনসমুদ্রে পরিণত হবে।”
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। সেখান থেকে সড়কপথে বিভিন্ন এলাকায় পথসভা করতে করতে ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে।
লন্ডনে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটি তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর। এর আগে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে অনুষ্ঠিত বড় জনসভাগুলোতে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
তার আগমনকে কেন্দ্র করে গাবতলী ও বগুড়া সদর উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে নির্মাণ করা হচ্ছে তোরণ, লাগানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। জনসভা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা