হোম » সারাদেশ » “গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ”

“গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ”

মোহাম্মদ আসাদুজ্জামান: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুক্তিযোদ্ধা সংসদের করণীয় সম্পর্কে আজ ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার বিকাল চারটায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও সমুন্নত রাখার জন্য আসন্ন গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় প্রদান অত্যন্ত জরুরি।
তিনি বলেন, ২০২৪ এর জুলাই ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের এক নতুন অভিযাত্রা শুরু হয়েছে। নতুন ইতিহাস সৃষ্টিতে মানুষ ইং প্রধান চালিকাশক্তি – এ সত্য প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষ এত দিন এসব সৃষ্টির স্বীকৃতি পায়নি। আমরা বিশ্বাস করি, এবারের গণ অভ্যুত্থান অতীতের সকল পাহাড়সম বাধা দূর করে বাংলাদেশ রাষ্ট্রে জনগণের মালিকানা নিশ্চিত করবে।
আসছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন-
০১) জাতির ইতিহাসে জুলাই সনদ ২০২৫ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সনদ আমাদের অধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র এবং ভবিষ্যত প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করা এবং ফ্যাসিবাদ পূণরুত্থান বন্ধ করার লক্ষ্যে প্রণীত। জুলাই সনদের মূল আকাঙ্ক্ষা হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের কল্যাণ, সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এবং গণতান্ত্রিক,মানবিক ও সাংবিধানিক বাংলাদেশ গঠন করা। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জন করা সহায়ক হবে।
০২) এই মহৎ  লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও সমুন্নত রাখার জন্য আসন্ন গণভোটে হ্যাঁ ভোট প্রদান অত্যন্ত জরুরি। মনে রাখবেন একটি সচেতন ও ইতিবাচক সিদ্ধান্ত জাতির ভবিষ্যৎকে আরো সূদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাবে। হ্যাঁ ভোট মানে ন্যায়ের পক্ষে অবস্থান, উন্নয়নের পথে অগ্রসর হওয়া এবং গণতান্ত্রিক পন্থায় দেশকে ঐক্যবদ্ধ করা।
০৩) একই সঙ্গে আমরা প্রত্যাশা করি, এই গণভোট অনুষ্ঠিত হবে শান্তিপূর্ণ, স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ আয়োজন হোক জনগণের মিলনমেলা যেখানে আনন্দ,সৌহার্দ্য ও দায়িত্ববোধের মাধ্যমে সবাই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন।
০৪) আসুন,দল মত নির্বিশেষে আমরা সবাই একসাথে জুলাই সনদের পক্ষে দাঁড়াই। নাগরিক দায়িত্ব পালন করে হ্যাঁ ভোট প্রদান করি এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখি। আমরা বিশ্বাস করি, মুক্তিযুদ্ধ ও জনতার অভ্যুত্থান বাংলাদেশের মানুষের রক্তে মিশে আছে। এদেশের মানুষ কোনদিনও পরাভূত হবে না।
সাংবাদিকদের প্রিয় বন্ধু সম্বোধন করে তিনি বলেন, আমরা আশা করি আপনারা আপনাদের পত্রিকা ও মিডিয়ার মাধ্যমে আমাদের এই আহ্বান জাতির কাছে পৌঁছে দিবেন।
সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী সরকার, তথ্য ও গবেষণা সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, প্রচার ও প্রকাশনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহিল শাহী, ব্যবস্থাপনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!