
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় একটি পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় সাড়ে ৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীর নাম মোফাজ্জল হোসেন ফকির (৪৫)। তিনি ওই গ্রামের দুদু ফকিরের ছেলে।
বুধবার সকালে পুকুরে অসংখ্য মাছ মরে ভেসে উঠতে দেখে বিষয়টি টের পান মৎস্যচাষী মোফাজ্জল হোসেন। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানান।
ভুক্তভোগী মৎস্যচাষী জানান, তিনি নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ৩৫ শতাংশ জমিতে পুকুর খনন করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। পুকুরে পাঙাশ, ব্রিগেড, সিলভার কার্প, রুই-কাতলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ছিল। দূর্বৃত্তরা রাতের আঁধারে পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করায় প্রায় ২০–২৫ মণ মাছ মারা যায়, যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩ লাখ টাকা।
মোফাজ্জল হোসেন ফকির আরও বলেন, “ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছিলাম। এক রাতেই সব শেষ হয়ে গেল। আমাকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এখন ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। যারা আমার পুকুরে বিষ দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান