
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের বাসিন্দা, বিএডিসির সাবেক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাম্মেল হক সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাঁর কফিনে জাতীয় পতাকা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও গান স্যালুট প্রদান করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান।
নামাজে জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম। জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফেরদৌস আলম, মরহুমের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী সরকার, বিশিষ্ট সমাজসেবক সোলায়মান আলী, জুয়েল মল্লিকসহ অন্যান্যরা।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাম্মেল হক সরকার গত ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। মরহুমের মৃত্যুতে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি অনার্স মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক প্রভাষক নাহিদ আল মালেকের শ্বশুর।
তাঁর মৃত্যুতে সাংবাদিক আলহাজ্ব মুন্সী মো. সাইফুল বারী ডাবলু এবং ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. এ. রাশেদ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ