
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী হামিদুল মন্ডল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ফেরদৌসের ছেলে রাকিবুল হাসান সিয়াম (১৬) এবং একই এলাকার গোলাম মোস্তফার ছেলে আতিক হাসান (২১)। শেরপুর থানার এসআই মো. সাঈফ, এসআই মো. রকিবুল ইসলাম ও এসআই বিকাশের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সোমবার (১২ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।
পুলিশ জানায়, চাচার জমির প্রতি লোভ এবং কিটনাশক প্রয়োগে খামারের মুরগি মারা হয়েছে—এমন সন্দেহ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত হামিদুল মন্ডল সম্পর্কে গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান সিয়াম ভাতিজা। জমি সংক্রান্ত বিরোধ ও দীর্ঘদিনের ক্ষোভ থেকেই হত্যার পরিকল্পনা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আসামিরা।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে। নিহতের জানাজা শেষে ভাতিজা রাকিবুল হাসান সিয়ামের অস্বাভাবিক আচরণ ও শরীর কাঁপতে দেখে পুলিশের সন্দেহ হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক