
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২৫ বোতল ফেনসিডিলসহ মোঃ আব্দুল মালেক (৪৫) ও মোঃ আনোয়ার হোসেন (৩০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (তারিখ) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া সান্তাহার শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা রাজশাহীর গোদাগাড়ী থানার আই হাই গ্রামের বাসিন্দা। আব্দুল মালেক মৃত আব্দুল আজিজের ছেলে এবং আনোয়ার হোসেন মোঃ জাহান সাজাদ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের পাশে একটি ভাতের হোটেলের নিকট ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বিআরটিসি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৪৭৭১) তল্লাশি চালানো হয়। বাসটির D-3 ও D-4 সিটে বসা মালেক ও আনোয়ারের মাঝখানে থাকা একটি নীল-কালো ট্রাভেল ব্যাগ থেকে দুটি পুরাতন কম্বলে মোড়ানো অবস্থায় ২৫ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি পুরাতন স্যামসাং স্মার্টফোন ও GDL এবং LAVA ব্র্যান্ডের দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) ও ৪১ ধারায় শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘খ’ সার্কেলে জমা দেওয়া হয়েছে।
তবে গ্রেফতারকৃতদের স্বজনদের অভিযোগ, মালেক ও আনোয়ার পেশায় টমেটো ব্যবসায়ী। তারা টমেটো কেনাবেচার জন্য চালান কপি সঙ্গে রেখেছিলেন। আটকের সময় সেই কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তবে তারা প্রকৃতপক্ষে টমেটো ব্যবসায়ী কি না-সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, উদ্ধারকৃত ফেনসিডিল তাদের হেফাজত থেকেই পাওয়া গেছে এবং আইনানুগ প্রক্রিয়ায় মামলাটি পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক