
রবিউল হাসান লায়ন, জামালপুর
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে জামালপুরে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জামালপুর শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কুরআন খতম শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির অভিভাবক ছিলেন না, তিনি ছিলেন সমগ্র জাতির অভিভাবক। তিনি তার নেতৃত্ব, ত্যাগ ও দেশপ্রেমের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বে আমরা আস্থা রাখি। তাদের সততা, স্বচ্ছতা ও আদর্শ অনুসরণ করেই আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও বাংলাদেশ এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সাবেক সহ-সভাপতি মো. লিয়াকত আলী ও কাজী মসিউর রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল ও খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
শেষে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সদর উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা নাসির উদ্দীন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক