
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো:বেলায়েত হোসেন হাওলাদারের জানাজায় এসে তার প্রতি কৃতজ্ঞতায় কাঁদলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী মাসুদ সাঈদী।
রবিবার সকাল ১০ টায় সরকারী ইন্দুরকানী কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন হাওলাদারের জানাজা পূর্ব বক্তৃতায় কেঁদে কেঁদে মাসুদ সাঈদী বলেন, “যখন আমার আব্বাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন সরকার, এই মানুষটার উপর চাপ দিয়েছিল আমার আব্বার বিরুদ্ধে মামলায় বাদী হবার জন্য, স্বাক্ষী হবার জন্য। তিনি সমস্ত বাধা মোকাবেল করেছেন তবুও আমার আব্বার বিরুদ্ধে স্বাক্ষী দিতে রাজি হন নাই। শুধু তাই নয়, তিনি নিজে তো স্বাক্ষী দেন-ই নাই বরং কেউ যেন মিথ্যা স্বাক্ষী না দেয় সেজন্য তিনি মানুষকে বুঝিয়েছেন।”
মাসুদ সাঈদী আরও বলেন, “আমি বিশ্বাস করি আমার সম্মানিত শহীদ পিতার বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী না দিয়ে যে হক কাজ করেছেন, তিনি যে সত্যের পক্ষে দাড়িয়েছেন আল্লাহ যেনো দয়া করে এটার উছিলায় তাকে জান্নাতের সর্বোচ্চ জায়গা দান করেন।”
বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন হাওলাদারের জানাজায় পাশাপাশি দাড়িয়ে জানাজার নামাজ আদায় করেন পিরোজপুর-১ আসনেব জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন । এছাড়াও ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।
ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: বেলায়েত হোসেন হাওলাদার (৭০) শনিবার সন্ধ্যায় উপজেলার চাড়াখালী গ্রামের তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। রবিবার সকালে জানাজা ও রাষ্ট্রীয় সালাম শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক