‎গকুল রাজবংশী, ‎মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
‎টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী (এ.জে) উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের নিচতলার বারান্দা থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।
‎রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের নিচতলা ভবনের বারান্দার পূর্ব পাশের রডের রেলিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তি শনিবার রাতে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের মেঝেতে ঘুমানোর প্রস্তুতি নেন। এ সময় দায়িত্বে থাকা একজন নাইট গার্ড তাকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখেন। পরদিন ভোরে হাঁটতে বের হওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা বিদ্যালয়ের বারান্দার বাহির অংশে রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান।
‎পরে তারা তাৎক্ষণিকভাবে অবহিত করলে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্যমতে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
‎এব্যাপারে মির্জাপুর দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন পিপিএম জানান, উদ্ধারকৃত মরদেহের কাছ থেকে শ্বাসকষ্ট নিরাময়ের একটি ইনহেলার ও নগদ ৩০ টাকা পাওয়া গেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।