
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে আঃ সালাম তুহিন (৪৫) নামে এক কলেজ প্রভাষক আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে ধুনট সদর ইউনিয়নের চাঁন্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আঃ সালাম তুহিন পৌর এলাকার ৮নং ওয়ার্ডের চাঁন্দারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শামসুল হকের ছেলে এবং চালতাডাঙ্গা আফজাল হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক।
আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, আঃ সালাম তুহিনের পরিবারের সঙ্গে সদর ইউনিয়নের মোঃ রমজান আলীর ছেলে রাজ্জাকুল কবির বিদ্যুতের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগে বলা হয়, শনিবার সকালে রাজ্জাকুল কবির বিদ্যুৎ তার লোকজন নিয়ে আঃ সালাম তুহিনের তফসিলভুক্ত ও দখলীয় সম্পত্তিতে প্রবেশ করে জমি ছেড়ে দিতে চাপ সৃষ্টি করেন। এ সময় আঃ সালাম তুহিন এতে বাধা দিলে তাকে মারধর করা হয়।
এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হন।স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত ব্যক্তি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে আসেন। তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।
এ ঘটনায় আহতের স্ত্রী মোছাঃ মাজেদা খাতুন শনিবার দুপুরে ধুনট থানায় রাজ্জাকুল কবির বিদ্যুৎসহ ১১ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে রাজ্জাকুল কবির বিদ্যুৎ বলেন, “আমার স্ত্রীর ক্রয়কৃত সম্পত্তিতে আঃ সালাম তুহিন ও তার লোকজন জোরপূর্বক বাঁশের বেড়া নির্মাণ করছিল। বিষয়টি জানতে গেলে তারা আমাদের ওপর হামলা করে। পরে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার করে আমাদের মানসম্মান ও অর্থনৈতিক ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং আমরা তোদেরকে কোন মারপিট করি নাই।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক