
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
পেশাগত কাজে সততা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার স্বীকৃতি হিসেবে ‘সম্মাননাপত্র’ পেলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর কবির। দীর্ঘ ৩৫ বছর ধরে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে দৈনিক ফরিদপুর পত্রিকার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণ সভা ও গুণী সাংবাদিক সম্মাননা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফরিদপুর বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম আকিদুল ইসলাম, ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদ ও ফরিদপুর পৌর নাগরিক সমিতির সভাপতি সাঈদ আলী হোসেন নান্নু উপস্থিত থেকে আলমগীর কবিরের হাতে এই সনদ তুলে দেন।
মো. আলমগীর কবির তার দীর্ঘ সাড়ে তিন দশকের সাংবাদিকতা জীবনে সাপ্তাহিক চন্দনা, দৈনিক গণসংহতি ও দৈনিক খবরসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জনপ্রিয় দৈনিক মানবজমিন, দৈনিক নতুন সময় এবং দৈনিক ফরিদপুর পত্রিকায় কর্মরত আছেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে ফরিদপুর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গুণী সাংবাদিকদেরও সম্মাননাপত্র প্রদান করা হয়। এ সময় স্থানীয় সুধীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের কাজের এই মূল্যায়ন পাওয়ায় মো. আলমগীর কবির আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার