
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন প্রতিবাদী জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর বাজারের বাকাইল মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। বিক্ষোভকারীরা বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। মিছিল শেষে চৌরাস্তায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি ইবাদত হোসাইন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম জুয়েল।
বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ওসমান হাদির মতো একজন তরুণ মুখপাত্রকে গুলি করে হত্যা করা একটি ন্যাক্কারজনক ঘটনা। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা রাজপথে আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।’
এসময় কর্মসূচিতে ইসলামি সমমনা দল ও এনসিপির বিভিন্ন নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গগত, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের