হোম » সারাদেশ » ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার:  এডভোকেট ওয়ারেছ আলী মামুনকে হেয় প্রতিপন্নের অভিযোগে সদর থানায় জিডি

ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার:  এডভোকেট ওয়ারেছ আলী মামুনকে হেয় প্রতিপন্নের অভিযোগে সদর থানায় জিডি

রবিউল হাসান লায়ন ঃ জামালপুর 
জামালপুর সদর–৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে জামালপুর-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিতে ফেসবুকে ভুয়া আইডি খুলে এডিট করা ছবি ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করছে। এসব অপপ্রচারের মাধ্যমে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বাদী হয়ে জামালপুর সদর থানায় জিডি দায়ের করেন।
তিনি বলেন, এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক নেতা। তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া আইডি খুলে এডিট করা ছবি ও মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
তিনি আরও বলেন, এ ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে জামালপুর সদর থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, জিডিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। এসময় তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!