
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সর্বপ্রথম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মোল্লাহাট থানা, উপজেলা বিএনপি, এনসিপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মোল্লাহাট প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সকাল ৯টায় খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় বিভিন্ন বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মার্চপাস্ট, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, লাঠিখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. রমজান।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে শিল্পীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ তুলে ধরেন। সার্বিকভাবে দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে মোল্লাহাট উপজেলায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ