
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম। এরপর সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। শ্রদ্ধা নিবেদনে অংশ নেন উপজেলা প্রশাসন, আলফাডাঙ্গা থানা, আলফাডাঙ্গা পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব, এনজিওসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দিবসটিতে উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে সকাল ৯টায় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী ও থানা অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান।
পরে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শনীতে অংশ নেন। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়।
বাদ যোহর জাতির শান্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে বিজয় মেলা ও মাল্টিপারপাস অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ