
আওয়াজ অনলাইন ডেস্ক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে আলাপকালে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারবে না।
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট সড়কে রিকশায় যাতায়াতকালে হাদির ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য প্রার্থীকে লক্ষ্য করে গুলিবর্ষণের বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে কমিশনার মাসউদ জানান, তার জানা মতে এখনো এ বিষয়ে সরাসরি আলোচনা হয়নি। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন এবং হামলাকারীকে গ্রেপ্তারের লক্ষ্যে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সরকারের এসব উদ্যোগ স্পষ্টভাবে দৃশ্যমান। এ কারণে নির্বাচন কমিশন সরকারের পদক্ষেপে সন্তুষ্ট রয়েছে, যদিও কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেওয়া হয়নি।
এই সহিংস ঘটনা ভোটে প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা তা মনে করি না। দেশটা আমাদের সবার। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না।”
অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের ওপর আরও চাপ দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকারকে সবসময় তাগিদ দেওয়া হয় এবং সরকার নিজ উদ্যোগেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নির্বাচন ঘিরে সরকারের নেওয়া সামগ্রিক পদক্ষেপে কমিশন সন্তুষ্ট।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক