
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের সাতমাথা এলাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মাহফুজ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন মো. খুরশীদ আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রশীদ এবং জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ।
অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও টিআইবির সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে সচেতনতার সঙ্গে এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিকতা ও সততার চর্চা শুরু করা প্রয়োজন। সামাজিকভাবে দুর্নীতিবাজদের বর্জন ও ঘৃণা প্রদর্শনের মাধ্যমেই একটি স্বচ্ছ ও শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি