হোম » সারাদেশ » পূর্ব বগুড়ার চিহ্নিত সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার দাবিতে হাছনা বেওয়ার সংবাদ সম্মেলন

পূর্ব বগুড়ার চিহ্নিত সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার দাবিতে হাছনা বেওয়ার সংবাদ সম্মেলন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ‎বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহরের নাটাইপাড়া এলাকার মোছাঃ হাছনা বেওয়া (স্বামী মৃত আজিজার প্রামানিক) তার জমি দখল, গাছ কর্তন ও হামলার আশঙ্কা নিয়ে অভিযোগ করেন। লিখিত বক্তব্য পাঠ করে তিনি দাবি করেন, পূর্ব বগুড়ার কিছু চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু তার পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

‎হাছনা বেওয়া অভিযোগ করেন, ইমান হোসেন সাজু ও তার সহযোগীরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলীয় জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও দাবি করেন, সাজুর ভাই আওয়ামী লীগ নেতা রানা, আত্মীয় হাবিব, মেহেদী, যুবদল কর্মী মিজানসহ এলাকার আরও কয়েকজন সন্ত্রাসী তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘরবাড়ি ছাড়ার চেষ্টা করছে।

‎সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৫টায় অভিযুক্তরা জোরপূর্বক তার বাড়ি ও জমিতে প্রবেশ করে শতাধিক ফলদ গাছ কেটে ফেলে এবং সেখানে থাকা টিনের দু’টি ঘর ভেঙে নিয়ে যায়। পরে বাঁশ দিয়ে জমিটি ঘিরে দখলের চেষ্টাও চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। বাধা দিতে গেলে তাকে দেশীয় অস্ত্রের ভয় দেখানো হয় এবং হামলার চেষ্টা করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

‎হাছনা বেওয়া জানান, জমি সংক্রান্ত বিরোধে তিনি আদালতে মামলা করেছিলেন এবং সেই মামলায় আদালত তার পক্ষে রায় দেন। তারপরও তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন। যে কোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন বলেও তিনি উল্লেখ করেন।

‎এ ঘটনায় তিনি ২৭ নভেম্বর বগুড়া সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!