
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল বাসার খাঁন তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে তিনি তার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের বিভিন্ন স্থানে এই প্রচার কার্যক্রম চালান। এ সময় তিনি সাধারণ জনগণের কাছে তার নির্বাচনী বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
আবুল বাসার খাঁন দেশের শিল্প ও রপ্তানি বাণিজ্যে সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি রাজ্জাক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং রাজ্জাক জুট মিলের স্বত্বাধিকারী। বর্তমানে তার প্রতিষ্ঠানসমূহে আট হাজারেরও অধিক কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। দেশের অর্থনীতিতে এবং রপ্তানি বাণিজ্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সিআইপি সম্মাননা অর্জন করেছেন।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে আবুল বাসার খাঁন তার ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন। তিনি বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবং একটি আধুনিক জনপদ গঠনে আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই।’

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক