
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগের কমিটিতে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে নিজের নাম দেখে বিস্মিত হয়েছেন মো. জাকির হোসেন মুরাদ নামে এক ব্যবসায়ী।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তিনি পদটি প্রত্যাখ্যান ও কমিটি থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সামনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলন করেছেন তিনি।
জাকির হোসেন মুরাদ উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার মৃত. আলতাফ হোসেনের ছেলে। সংবাদ সম্মেলনে জাকির হোসেন মুরাদ বলেন, কিছুদিন পূর্বে আমি জানতে পারি, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেনের স্বাক্ষরিত কমিটিতে আমার নাম কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে লিপিবদ্ধ রয়েছে।
রাজনীতিতে কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে জাকির হোসেন মুরাদ বলেন, যেহেতু আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই এবং আমি আওয়ামী লীগ সমর্থনও করি না, সেহেতু আমি গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি থেকে আমার নাম বাতিল করার ইচ্ছা পোষণ করছি। তিনি জোর দিয়ে জানান, তিনি পূর্বেও কোনো রাজনীতিতে যুক্ত ছিলেন না এবং বর্তমানেও কোনো রাজনীতি করেন না।
রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও কমিটিতে নাম আসায় বিব্রত এই ব্যবসায়ী। তিনি সাংবাদিকদের মাধ্যমে তার এই স্পষ্ট বক্তব্যটি জনসম্মুখে প্রচারের জন্য অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা