হোম » সারাদেশ » মোল্লাহাটে অবাধে অতিথি পাখি শিকার, পরিবেশ নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী

মোল্লাহাটে অবাধে অতিথি পাখি শিকার, পরিবেশ নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: গত কয়েক সপ্তাহ ধরে মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকায় অতিথি পাখি শিকারের মহোৎসব চলছে। স্থানীয় বনাঞ্চল ও জলাশয় ঘিরে বিপুলসংখ্যক অতিথি পাখির আগমনের সুযোগ নিয়ে একটি চক্র অবাধে শিকার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিবছর শীত মৌসুমে এ অঞ্চলে বিপুলসংখ্যক অতিথি পাখি আসে। কিন্তু চলতি মৌসুমে অভিনব কৌশল অবলম্বন করে পাখি শিকার বেড়েছে। শিকারিরা নতুন ধরনের টোপ, ফাঁদ এবং কিছু ক্ষেত্রে হাই-টেক ডিভাইস ব্যবহার করে পাখি ফাঁদে ফেলছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রকৃতিপ্রেমীরা শিকারের এ প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, অতিথি পাখিদের নির্বিচারে শিকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা শেখ শাহজাহান বলেন, “অতিথি পাখিরা আমাদের দেশের মেহমান। এই মেহমানদের হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
শিকারিদের হাতে হাস পাখি, দিঘড়িয়া পাখি, কাইনসহ বিভিন্ন জলচর পাখির শিকার হতে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এভাবে পাখি হত্যা বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে এবং প্রকৃতি সংরক্ষণে অন্তরায় সৃষ্টি করে।
এ বিষয়ে মোল্লাহাট উপজেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শিকার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতাও কামনা করেছেন তিনি।
এদিকে, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিকরা শিকার বন্ধে প্রতিবাদ ও প্রচারণা চালিয়েছেন। তাঁদের দাবি, অতিথি পাখি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
মোল্লাহাটবাসীর আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে শিকার বন্ধ করবে এবং অতিথি পাখি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!