
মুহাম্মদ আরিফ বিল্লাহ, পিরোজপুর
ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী ১৩৫ তম ঈছালে ছাওয়াব মাহফিল আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে। আখেরী মুনাজাত এর পূর্বে ছারছীনার পীর ছাহেব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) সমবেত লক্ষ লক্ষ ভক্ত মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত টালমাটাল অবস্থা। এ সময় দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা ও দেশের সংখ্যাগরিষ্ঠ ৯২ ভাগ মুসলিম জনতার স্বার্থ রক্ষার ক্ষেত্রে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণে সামান্য ভুল হলে জাতিকে যুগ যুগ ধরে তার খেসারত দিতে হবে। আমরা ইসলামী হুকুমত চাই। ইসলামের সূচনা কাল থেকেই সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের পরশ ছোয়ায় মানুষ ইসলামের অনুপম আদর্শে মুগ্ধ হয়ে দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। আমাদের ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশ সম্পূর্ণরূপে আউলিয়ায়ে কেরামের অবদানে সিক্ত। ছারছীনা দরবার শরীফ আউলিয়ায়ে কেরামের সার্থক উত্তরসূরী।
নেছারুদ্দীন আরও বলেন, আপনারা আবেগে হুজুগে বাঙ্গাল হবেন না। যথা সময়ে আমাদের দিক নির্দেশনা পৌঁছে যাবে। তদানুযায়ী ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ভূমিকা রাখবেন। তার ভক্ত মুরীদানকে জিকিরের তা’লীম, দরূদ, অজিফা ও আমলসমূহ নিয়মিত আদায়ের পরামর্শ দেন। পাশাপাশি প্রত্যেক মসজিদে সাপ্তাহিক তালিমী জলসা কায়েম করে জমইয়াতে হিযবুল্লাহর পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান এবং পীর ভাইদের থেকে দেশের প্রতিটি ওয়ার্ডে দ্বীনিয়া মাদ্রাসা কায়েমের বিষয়ে ওয়াদা গ্রহণ করেন।

আখেরী মুনাজাতে অংশ গ্রহণের জন্য হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব সাইদানী দরবার শরীফে আগমন করেন। তিনি বলেন- বাংলাদেশের সাথে আলজেরিয়াবাসীর সম্পর্ক ইসলামের। ভৌগলিক ভিন্নতা থাকলেও আমরা এক জাতি এবং একই আদর্শে অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতে বিশ্বাসী। তিনি ছারছীনার ছাত্রদেরকে আলজেরীয়া বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষা গ্রহণে সুযোগ করে দেয়ার আশ্বাস দেন। তিনি সুবিধামত সময়ে পীর ছাহেব ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানান।
পরে সোমবার (০১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে আখেরী মুনাজাত পরিচালনা করেন ছারছীনার পীর ছাহেব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।
মাহফিলে এছাড়াও আলোচনা করেন- জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মুফতি মাওলানা কাফিল উদ্দীন সরকার ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মোঃ মাহমুদুল মুনীর হামীম, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার মুফতি মাওলানা ওসমান গণি ছালেহী ও মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
মাহফিলে উপস্থিত ছিলেন- আলজেরিয়া দূতাবাসের অ্যাটাসে সুফিয়ান টুম, আলজেরিয়া দূতাবাসের প্রযুক্তিগত প্রতিনিধি সাঈদ আচাচে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফেজ মোঃ রুহুল আমিন, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের এমপি প্রার্থী শামীম সাঈদীসহ আরও অনেকে।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা