
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাহিদামতো সার না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা রোববার দুপুরে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
কৃষকদের অভিযোগ, স্থানীয় মেসার্স মোর্শেদ সার ঘর থেকে প্রয়োজনীয় রাসায়নিক সার না পেয়ে তারা চরম বিপাকে পড়েছেন। হঠাৎ বিক্রয়কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সঠিকভাবে সার বণ্টন হয়নি বলে দাবি করেন তারা। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা মহাসড়ক অবরোধ করে পরিবেশক ও উপজেলার সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তার অপসারণ দাবি করেন। ঘণ্টাব্যাপী এ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা, থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারী কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একজন বিক্ষুব্ধ কৃষক বলেন, “ভুট্টা চাষের উপযুক্ত সময় এখন। সার না পেলে ফসলের ব্যাপক ক্ষতি হবে।” মেসার্স মোর্শেদ সার ঘরের স্বত্বাধিকারী মঞ্জুর মোর্শেদ-এর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাইখুল আরেফিন জানান, “জেলায় প্রয়োজনীয় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। মাসের শেষ দিকে সাময়িক ঘাটতি দেখা দিতে পারে, তবে দ্রুত তা সমাধান করা হবে।”
ইউএনও শামীম মিঞা বলেন, “সারের হিসাব-নিকাশ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত