
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ীদহ দাখিল মাদ্রাসার দপ্তরি রফিকুল ইসলামের বসতবাড়ি ও তাঁর ভাড়া দেওয়া ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নিয়ে বসতঘরের পাঁচটি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে ঘরের সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং বগুড়া সদর থেকে আসা আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতবাড়ি ও দোকানের উল্লেখযোগ্য অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান, তাঁর ভাড়া দেওয়া ফার্নিচারের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আগুন তার বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। দোকানটির মালিক বাবু মিয়া।
শেরপুর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। সোমবার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ