
মোহাম্মদ আসাদুজ্জামানঃ বামপন্থী গণতান্ত্রিক সরকার গঠনের দাবিতে গতকাল ১৪ নভেম্বর , শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবির জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে দলটির সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন বলেন,দম বন্ধ অবস্থা থেকে দেশের মানুষ আজ মুক্তি চায়।ফ্যাসিস্ট হাসিনার গুম-খুনের রাজনীতি আজ প্রতিস্থাপন করেছে বুলডোজার ও মবতন্ত্র। দেশে সর্বক্ষেত্রে নৈরাজ্য চলছে। মৌলবাদীদের আস্ফালন সমাজ ও রাষ্ট্রে ভীতি সঞ্চার করছে। নারী অধিকার ও উন্নয়নের টুটি চেপে ধরার চেষ্টা চলছে। জুলাই অভ্যুত্থানে ভারতীয় আধিপত্যবাদের এজেন্টদের পতনের পর মার্কিন সাম্রাজ্যবাদের প্রতিনিধিরা শাসন ক্ষমতায় আরোহণ করেছে। চট্টগ্রাম সমুদ্র বন্দর ও সেন্ট মার্টিন দ্বীপ বিদেশীদের হাতে তুলে দেওয়ার সুক্ষ্ম ষড়যন্ত্র চলছে । উপদেষ্টা পরিষদের বিদেশী অতিথি সদস্যরা মার্কিন এজেন্ডা বাস্তবায়নের কাজে নিয়োজিত রয়েছে।
তিনি আরো বলেন,দেশে বেকারত্ব বেড়েছে।বিগত পনের মাসে দেশে কোনো বিদেশী বিনিয়োগ আসেনি, শিল্প-কারখানা ও ব্যবসা-প্রতিষ্ঠান গড়ে উঠেনি বরং অসংখ্য গার্মেন্টস ও শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে।নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টি হয় নাই।শ্রমিকরা বেকার হয়ে পড়ছে এবং কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। অন্তর্বর্তী সরকার সংস্কার সংস্কার করে ঢোল বাজাচ্ছে কিন্তু চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে উদাসীনতা ও ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। জুলাই অভ্যুত্থানের পর লুটেরা শ্রেণির পরিবর্তন হয়েছে,শাসন কাঠামোর পরিবর্তন হয়নি। তিনি অবিলম্বে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান।সমাবেশ থেকে তিনি আগামী ২৫ নভেম্বর বিকল্প জনশক্তি কনভেনশন এবং ২৮ নভেম্বর জাতীয় নারী কনভেনশনের কর্মসূচি ঘোষণা করেন।
সমাবেশে অসুস্থ ও অনুপস্থিত বিশেষ অতিথি অধ্যাপক আনু মোহাম্মদের প্রেরিত লিখিত বক্তব্যের অংশবিশেষ পাঠ করেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল্লাহ আল কাফী রতন।
জাতীয় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের প্রধান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া,সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম, শ্লোগান কন্যা লাকি আক্তার প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল