হোম » সারাদেশ » হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: ‎বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। স্ত্রী রিয়া মনির করা মামলায় বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পর বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।
‎রাজধানীর হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলাটি দায়ের করেন রিয়া মনি। একই মামলার আরেক আসামি আহসান হাবিব সেলিমকেও খুঁজছে পুলিশ।
‎বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, “আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দেননি। এজন্য আমরা তাদের জামিন বাতিলের আবেদন করি। শুনানি শেষে আদালত জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।”
‎মামলার এজাহারে বলা হয়, সম্প্রতি দাম্পত্য কলহের জেরে হিরো আলম তার স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে ২১ জুন হাতিরঝিল থানাধীন একটি বাসায় উভয় পরিবারের বৈঠক হয় মীমাংসার উদ্দেশ্যে। ওই সময় হিরো আলমসহ ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
‎অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে তারা বাদীর বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন, এতে রিয়া মনির শরীরে জখম হয়। হামলার সময় বাদীর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইনও চুরি করে নিয়ে যান তারা।
‎ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!